বাংলাদেশে পুরুষ নির্যাতন ও সমাজের নীরবতা: গবেষণা, পডকাস্ট আলোচনা ও আমাদের পথচলা
বাংলাদেশে পুরুষদের প্রতি নির্যাতন, আইনি বৈষম্য এবং সামাজিক নীরবতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। সম্প্রতি প্রখ্যাত সাংবাদিক মঞ্জুরুল করিম (একসময়ের আলোচিত অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’-এর পরিচিত মুখ) এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার অধ্যাপক এক্সট্রাঅর্ডিনারিয়াস ড. আনিসুর রহমান খান-এর মধ্যকার একটি গুরুত্বপূর্ণ পডকাস্ট আলোচনা প্রকাশিত হয়েছে। "বাংলাদেশে পুরুষ নির্যাতন: সমাজ কেন দেখতে পায় না?" শীর্ষক এই আলোচনায় আমাদের সংগঠন ‘এইড ফর মেন ফাউন্ডেশন’ (Aid for Men Foundation) এবং ‘বাংলাদেশ মেনস রাইট ফাউন্ডেশন’ (BMRF)-এর নাম ও কার্যক্রমের কথা উঠে এসেছে।
গবেষণা ও আমাদের অফিসে ড. আনিসুর রহমান খানের আগমন
ড. আনিসুর রহমান খান বাংলাদেশে পুরুষদের ওপর নির্যাতন এবং এ-সংক্রান্ত সামাজিক বাস্তবতা নিয়ে একাডেমিক গবেষণা পরিচালনা করছেন। এ বিষয়ে তাঁর একাধিক গবেষণাপত্র আন্তর্জাতিক peer-reviewed একাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে—যা এই সংবেদনশীল ও উপেক্ষিত বিষয়টির ওপর একটি শক্তিশালী বৈজ্ঞানিক ও একাডেমিক ভিত্তি তৈরি করেছে। এই গবেষণার অংশ হিসেবে তিনি সরেজমিনে তথ্য সংগ্রহ ও আলোচনার জন্য আমাদের ‘এইড ফর মেন ফাউন্ডেশন’-এর অফিসে এসেছিলেন। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, মাঠপর্যায়ের তথ্য এবং সংগঠনের কার্যক্রম থেকে আমরা তাঁকে সাধ্যমতো সহযোগিতা করেছি। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণার অভিজ্ঞতাসম্পন্ন একজন শিক্ষাবিদ ও গবেষকের এই কাজের সাথে আমাদের সংগঠন ও কার্যক্রমের সম্পৃক্ততা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। পরবর্তীতে তিনি পডকাস্টটির লিংক ও তথ্য আমাদের ওয়েবসাইট ও প্ল্যাটফর্মে প্রকাশের জন্য অনুরোধ জানান, যাতে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায়।
সাংবাদিক মঞ্জুরুল করিম ও ড. আনিসুর রহমান খানের প্রতি আন্তরিক ধন্যবাদ
সমাজের যে বাস্তবতাগুলো দীর্ঘদিন আড়ালে থেকে যায়, তা সাহসিকতা ও দায়িত্বশীলতার সাথে পডকাস্টের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরার জন্য সাংবাদিক মঞ্জুরুল করিম-কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। একই সাথে, বিষয়টিকে আন্তর্জাতিক peer-reviewed একাডেমিক গবেষণার আওতায় এনে তথ্য-উপাত্ত ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করার জন্য এবং আমাদের কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার জন্য অধ্যাপক ড. আনিসুর রহমান খান-কেও জানাই বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন। তাঁদের এই সম্মিলিত প্রয়াস—একদিকে গণমাধ্যমের সোচ্চার ভূমিকা এবং অন্যদিকে স্বীকৃত একাডেমিক গবেষণা—পুরুষ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের চলমান কাজকে আরও বেগবান ও সমৃদ্ধ করেছে।
আমাদের অঙ্গীকার
আমি সাইফুল ইসলাম নাদিম, বাংলাদেশ মেনস রাইট ফাউন্ডেশন-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ‘এইড ফর মেন ফাউন্ডেশন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হিসেবে ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে বিশ্বাস করি, গণমাধ্যম ও আন্তর্জাতিক মানের গবেষকদের এমন ইতিবাচক ও তথ্যনির্ভর ভূমিকা সমাজে সঠিক বার্তা পৌঁছে দিতে অত্যন্ত সহায়ক হবে। আমরা সবসময়ই যেকোনো গঠনমূলক গবেষণা ও সচেতনতামূলক উদ্যোগের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
.png&w=128&q=75)